টেকনাফে মুরগির খামারে ৫ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে মুরগির খামারে ৫ লাখ ইয়াবা উদ্ধার
হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে | ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় খামারের মালিক নুরুল হোসাইন (৩২) পালিয়ে যান।

উখিয়া-টেকনাফ সার্কেলের তত্ত্বাবধানে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, খামারের ভেতরে একটি ছোট কক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা থেকে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

আরও পড়ুন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে তারা অভিযানে নামেন। খামারে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতর ৫০টি প্যাকেটে ভরা ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। প্যাকেটগুলো দেখতে অনেকটা ইটের মতো ছিল।

অভিযুক্ত নুরুল হোসাইন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ পৌঁছানোর আগে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় নুরুল হোসাইনকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad