শিক্ষার্থীদের সৃজনশীল ও অ্যাকাডেমিক কার্যক্রম তুলে ধরতে তিন দিনব্যাপী ‘টার্ম অ্যান্ড এক্সিবিশন রেজোনেন্স’ আয়োজন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ।
শনিবার থেকে সোমবার পর্যন্ত এই আয়োজন চলবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বুয়েটের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান এক বিবৃতিতে জানান, প্রদর্শনীতে স্থাপত্য বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন ডিজাইনভিত্তিক অ্যাকাডেমিক কাজ উপস্থাপন করা হবে। এই প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তবভিত্তিক পরিকল্পনার প্রতিফলন ঘটাবে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
এ সময়ে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, স্থাপত্য ও নগর অঞ্চল পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক শায়ের গফুর এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস. এম. নাজমুল ইমামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সঙ্গে পরিচিত হতে আগ্রহী সবাইকে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।


