হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, পানপাতা ও শুকনাসহ সব ধরনের নিষিদ্ধ পণ্য বহন না করতে বিশেষ অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। কোনো এজেন্সির প্ররোচনায় পড়ে এসব পণ্য বহন করলে সৌদি আরবে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী, সৌদি আইনে হজযাত্রীর ব্যাগে তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
শুক্রবার মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘বিগত বছরগুলোতে বারবার সতর্ক করার পরও সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’ তিনি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি জানান, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে এসব পণ্য পাওয়া গেলে সে দেশের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন ঝুঁকির মুখে পড়তে পারে, এমনকি তিনি হজ করার সুযোগও হারাতে পারেন। তাই কোনোভাবে এসব পণ্য সঙ্গে না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।


