টেকনাফে অভিযুক্ত মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও চারজন পাচারকারী পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার রাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মাদক, মানবপাচারসহ চোরাচালান করতে তৎপর রয়েছে। এ সব মানবপাচারে সক্রিয় চক্রের দৌরাত্ম অনেক বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- এলখাছ মিয়ার ছেলে সৈয়দ আলম (২৯), ইয়াহিয়ার ছেলে মো. আবদুল্লাহ (২২), ইউনুস আলীর ছেলে মো. রিদুয়ান হোসেন (২০), কেফায়েত উল্লাহর ছেলে মো. নুরুল আফসার (২০) ও মৃত দিল মোহাম্মদের ছেলে মো. আবদুল হাকিম (৪০)। তরা সকলেই টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিঠাপানিরছড়ার দক্ষিণ লম্বরী এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, অভিযুক্ত পলাতক পাচারকারীরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ লম্বরী এলাকার হাফিজুর রহমানের ছেলে সাইফুল (৪০), একই ওয়ার্ডের তুলাতলী গ্রামের জহির আহমদের ছেলে মোস্তফা প্রকাশ গোরাইয়া (২০), দক্ষিণ লম্বরী এলাকার মৃত ইউনুসের ছেলে নুর আলম (৩০) ও দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার আইনজা সদরের ছেলে সামসু (৪৫)।


