গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়িঘর নির্মাণ করতে পারেন, সেই সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
তিনি বলেন, অনেক বছর এ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি ছিল না। বর্তমানে ঝিলমিল আবাসিক প্রকল্প অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের কাজ চলমান আছে। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজও দ্রুত শুরু হবে। এ ছাড়া এই প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
মন্ত্রী বুধবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন করে এসব কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।
রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান আছে এবং বর্তমানে স্থানীয় থানার পাঁচটি টহল টিম নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবন এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান এই প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক, চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলামসহ রাজউকের কর্মকর্তারা ও প্লট বরাদ্দপ্রাপ্তরা।


