মা-বোনদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে ভোটের দিন ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরো ইউনিয়নের গোয়ালঝাড়া বাজারে পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘শুধু নিজের ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, সাধারণ মানুষের বিশেষ করে মা-বোনদের ভোট দেওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিন কষ্ট করলে আগামী পাঁচ বছর নিরাপদে থাকা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি গত ৫৪ বছর ধরে ওয়ার্ড কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়েছেন। আমরা চাই আপনাদের ছেলেও একদিন চেয়ারম্যান, কমিশনার, এমপি ও মন্ত্রী হোক। শাপলা কলিতে ভোট দিলে আপনাদের এই পঞ্চগড় জেলায় কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না। চিকিৎসার অভাবে কাউকে মরতে হবে না।’
১১-দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেন, ‘একজন ভালো নেতা যদি তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, সে কখনো ভালো নেতা হতে পারে না। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই, আমরা ১১-দলীয় জোটের নেতাকর্মীরা মন্দির ও পূজার মণ্ডপ পাহারা দিয়েছি। অথচ একটা বড় দলের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জন দেওয়ার পুকুর দখল করেছেন। আপনাদের জায়গা-জমি, ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছেন। এই দখলবাজদের প্রত্যাখ্যান করুন।’
পথসভায় ১১-দলীয় জোটের অন্য নেতারা ভোট চুরি, সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন।


