পেশাদারত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি মনে করেন, সাংবাদিকদের কোনো অবস্থাতেই দলীয় লেজুড়বৃত্তি করা উচিত নয়।
সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় আসন্ন গণভোট ও নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি হটলাইন নম্বর উন্মোচন করা হয়। নম্বরটি হলো ০৯৬৪৪১১১৪৪৪।
উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের পেশাদারত্বের ক্ষেত্রে মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা। আজকের অনুষ্ঠানের মূল আবেদন হলো-শুধু স্বৈরাচার না, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনো ফিরতে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা।’
‘হুমকি-ধমকির ভাষা পরিহার করতে হবে। পেশাদারত্ব দিয়ে নিজেদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। সংবিধানে যে মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, তা অন্তরে ধারণ করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের এই আয়োজনে গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘গত ৫৪ বছরেও একটি গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ করা যায়নি। এটা হতাশাজনক।’
‘আমরা চেষ্টা করছি সরকার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে এ দুটি অধ্যাদেশ জারি করে যেতে। সময় স্বল্পতার কারণে যদি সম্ভব না হয়, অন্তত চূড়ান্ত খসড়া প্রস্তুত করে যেতে। জনমতের জন্য খসড়া দুটো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতকে ভিত্তি ধরে এটা করা হয়েছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘ফ্যাসিবাদমুক্ত সমাজ চাই’- এর আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সভাপতি যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন।


