রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসায় চুরির ঘটনায় তার মামাতো ভাইসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী ব্যাংকারের নাম তাজরীন খান আদ্রিতা।
পুলিশ জানায়, তার বাসা থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত তার মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০) চুরি করা অলংকার মানিকনগরের ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি দোকানে বিক্রি করেন। পরে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ওই দোকানের মালিক সাদ্দাম হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় আদ্রিতার বাসার আলমিরার ড্রয়ারে থাকা মোট ১১ ভরি স্বর্ণালংকার চুরি করেন সৌমিক। চুরি হওয়া অলংকারের মধ্যে রয়েছে ৫ ভরি ওজনের একটি পূর্ণ সেট, দুই ভরির তিনটি চেইন, এক ভরির তিনটি ব্রেসলেট, এক ভরির দুটি চুড়ি এবং এক ভরির চার জোড়া স্বর্ণের কানের দুল। এ ছাড়া নগদ এক লাখ ৭০ হাজার টাকাও চুরি করা হয়।
পরবর্তীতে পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদের সময় সৌমিক চুরির বিষয়টি স্বীকার করেন এবং চোরাই অলংকার মানিকনগরের মায়মুনা জুয়েলার্সে বিক্রির কথা জানান।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে নিয়মিত মামলা করেন ভুক্তভোগী আদ্রিতা। মামলায় প্রথমে সৌমিককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জুয়েলার্স দোকানের মালিক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম বাহাদুর জানান, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।


