জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাকে এ হুমকি দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজেই এক পোস্টে বিষয়টি জানিয়েছেন৷ পাশাপাশি এ ঘটনার বর্ণনা দিয়ে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
ফেসবুকে লেখা পোস্টে জয়নাল আবেদীন শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না৷ তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’
হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন৷
পোস্টে এনসিপির এ নেতা লেখেন, ‘আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কি?’
‘ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না।’
সাধারণ ডায়েরিতে হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান জয়নাল আবেদীন শিশির।


