ঝিনাইদহে ট্রাক চাপায় মো. হুসাইন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় প্রান্ত (১৩) নামে আরেক কিশোর আহত হয়। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন কয়ারগাছি গ্রামের শাহিনুর রহমানের ছেলে ও যশোরের একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা নৃসিংহপুর ইটভাটার শ্রমিক। আহত প্রান্তও একই গ্রামের বাসিন্দা ও হুসাইনের বন্ধু।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, সকালে ওই কিশোর ও তার বন্ধু সাইকেলে তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর গ্রাম এলাকায় পৌঁছালে ইটভাটার কাঠের খড়ি বোঝায় একটি ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে হুসাইন ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়।
এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে আটক করে রাখে। চালক ও ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানান আলমগীর কবীর।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের লিডার আব্দুর রাজ্জাক জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় হুসাইন। অপরজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


