ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি মোবাইল ব্যাংকিং সেবার দোকান থেকে টাকা পাঠিয়ে পরিশোধ না করে উল্টো দোকানদারকে হুমকি দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুর পৌর এলাকার দুধসর সড়কের মুন্সি বেকারিতে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর থানা সূত্রে জানা গেছে, আটক পুলিশ সদস্যের নাম মো. নাজমুল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বাগেরহাট জেলায় কর্মরত রয়েছেন।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ জানান, মোবাইল ব্যাংকিং সেবার দোকানে অপেশাদার আচরণের অভিযোগে অন্য জেলায় কর্মরত এক পুলিশ সদস্যকে কোটচাঁদপুর থানায় সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। তার পরিচয় যাচাই করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্য জেলায় কর্মরত হলেও ইউনিফর্ম পরিহিত অবস্থায় অপেশাদার আচরণের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
মুন্সি বেকারির মালিক মো. ইয়াদুল মুন্সি জানান, দুপুর ৩টার দিকে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্য এসে একটি নম্বরের বিকাশ হিসাবে চার হাজার ৬০০ টাকা পাঠান। টাকা পাঠানোর পর তিনি নগদ টাকা না দিয়ে জানান, তার কাছে টাকা নেই এবং এটিএম বুথ থেকে টাকা তুলে দিতে হবে।
পরে তাকে সঙ্গে নিয়ে এটিএম বুথে গেলে দেখা যায় তার কার্ডেও কোনো টাকা নেই। এ সময় নাজমুলকে টাকা পরিশোধ করতে বললে তিনি তিন হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে নাজমুল তাকে গুলি করার হুমকি দেন এবং পুলিশি হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ করেন মো. ইয়াদুল মুন্সি।
এ সময় বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন উল্লেখ করে তিনি বলেন, পরে সবাই মিলে ওই পুলিশ সদস্যকে কোটচাঁদপুর সার্কেল অফিসে নিয়ে যান। সেখান থেকে তাকে থানায় সোপর্দ করা হয়।


