বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এ সময় তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের ও চীনের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন আরও জোরদার হবে।


