চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ইসলামী ছাত্রীসংস্থা। যদিও হলগুলোতে ছাত্রীসংস্থার পূর্ণাঙ্গ কমিটি আছে কিনা, থাকলেও এর নেতৃত্বে কারা রয়েছেন সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি কেউ।
এরই মধ্যে আসন্ন প্রীতিলতা হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছে ছাত্রীসংস্থার প্যানেল। এছাড়াও প্রতিটি হল সংসদে ও কেন্দ্রে নিজেদের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য পরিচয় দেওয়া কয়েকজন শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রীতিলতা হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এই হলে ছাত্রীসংস্থার পক্ষ থেকে ভিপি পদে লড়বেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসবাহুল জান্নাত তারিন, জিএস পদে তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা ও এজিএস পদে আফরিদা রিমা।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন। বুধবার পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ১২ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছাত্রীসংস্থার সদস্য পরিচয় দেওয়া জান্নাতুল আদন নুসরাত টাইমস অব বাংলাদেশকে জানান, এই নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও হলের সার্বিক সমস্যাগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তারা।
তিনি বলেন, ‘আগামী দুই-একদিনের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব। আপাতত ১৪ জন মনোনয়নপত্র নিয়েছে। আশা করি, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবেন।’
এর আগে, সোমবার ১৪১ জন চাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে চারজন, সম্পাদক পদে ৩৩ জন ও সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর হল সংসদে নির্বাচনের জন্য সোমবার ৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে মেয়েদের হলে ৪৫ জন এবং ছেলেদের হলে ২৭ জন রয়েছেন।


