এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা সালাহউদ্দিন আহমেদকে (১৭) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাবের তথ্যানুযায়ী, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎ করে চলেছে একটি চক্র। গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন আহমেদ ওই চক্রের অন্যতম হোতা। সে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সিটি কলেজ সড়কের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ‘ভুয়া’ প্রশ্নপত্রের বিনিময়ে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।
এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-১৫। বাহিনীটির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ‘কিশোর অপরাধী’ সালাহউদ্দিন আহমেদকে (১৭) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাহউদ্দিন আহমেদ স্বীকার করেছে, সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে এবং পরীক্ষার আগের রাতে সেগুলো দেওয়ার নাম করে মোটা অংকের টাকা দাবি করতো। টাকা সংগ্রহের জন্য সে সুনির্দিষ্ট বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে এবং অর্থপ্রাপ্তির পরপরই পরীক্ষার্থীদের ব্লক করে দেওয়ার মাধ্যমে ডিজিটাল প্রতারণা করে আসছিল।
গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।


