রংপুরের পীরগাছায় পদ্মরাগ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় চার ঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীরা সিডিউল অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারবেন না।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট ট্রেন লালমনিরহাট থেকে রওনা দিয়েছে।

পীরগাছা রেলওয়ের স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের পাত ভেঙ্গে যায়। এতে ইঞ্জিনের পেছন থেকে চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, অনেক যাত্রী অভিযোগ করেছেন, তাদের মালামাল খোয়া গেছে। ঘটনার সময় ট্রেনে দুই হাজার যাত্রী ছিলেন ।
ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার এবং নাইনটিন আপ ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে কোনো ট্রেন চলাচল করতে পারবে না বলেও জানান তিনি।
দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। পদ্মরাগ এক্সপ্রেসের যাত্রী নুরবানু জানান, তিনি তার পাশের সিটে ব্যাগ রেখে বাথরুমে গিয়েছিলেন। এরই মধ্যে দুর্ঘটনা ঘটে। পরে এসে দেখেন তার ব্যাগটি নেই। এখন এ অবস্থায় কার কাছে যাবেন, কাকে অভিযোগ দেবেন কিছুই বুঝতে পারছেন না তিনি।


