ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন।
সোমবার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ পুনর্বিন্যাসের ফলে ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।
এর ফলে ৪ সেপ্টেম্বর থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের সাধারণ জনগণ এবং ভাঙ্গা উপজেলার অন্যান্য এলাকার বাসিন্দারা সীমানা পরিবর্তনের বিরোধিতা করে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।
বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে এবং সোমবার বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া সড়ক ও রেলপথও অবরোধ করা হয়, ফলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাধারণ জনগণকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত এলাকাবাসী মেনে নিতে পারেনি। উক্ত দুইটি সংসদীয় আসনের জনগণ আন্দোলনে যুক্ত হয়েছে এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এ পরিস্থিতিতে, সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সীমানায় পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।


