ঝিনাইদহে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক বিভাগের ১৩১ শতক জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ঝিনাইদহ পৌর এলাকার শহীদ মশিউর রহমান সড়কের কাঞ্চনপুর মৌজায় ব্র্যাক অফিস সংলগ্ন ট্রাক টার্মিনালে এ অভিযান চালানো হয়।
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন ও সহকারী প্রকৌশলী আহসান উল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় তার সঙ্গে ছিলেন।
ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, সড়ক বিভাগের এই জমি দখল করে ট্রাক পার্কিং, স্থাপনা নির্মাণ ও বালি রেখে ব্যবসা চালানো হচ্ছিল।
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ও মাইকিং করে এই জমি ছেড়ে দিতে বললেও ব্যবসায়ীরা তা করেনি। এরপরই জেলা প্রশাসনকে নিয়ে উচ্ছেদ অভিযোন চালানো হয়েছে। এখন থেকে সড়ক বিভাগের কাজে এই জমি ব্যবহার করা হবে।


