মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দেশে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। এই কমিটির মেয়াদ হবে গঠনের সরকারি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পরবর্তী ৩০ দিন।
রোববার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন।
প্রস্তাবটি উত্থাপনকালে তিনি বলেন, ‘সাম্প্রতিক জ্বালানি সংকট নিরসনে এই কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।’
সরকার ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে দেশের সংসদীয় ইতিহাসের একটি বিরল ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, এর আগে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরের সময় এমন ঐকমত্য দেখা গিয়েছিল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সমস্যা সমাধানে এই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সংসদীয় সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে।
কমিটিতে সরকারি দলের ৫ জন সদস্য হলেন জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
অন্যদিকে, বিরোধী দল থেকে মনোনীত ৫ জন সদস্য হলেন সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপি’র সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)। নবগঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে তাদের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।


