গাইবান্ধার ফুলছড়িতে সরকারি ভিজিএফ চালের ৪৬৭ বস্তাসহ দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাসে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরীবদের জন্য সরকারিভাবে চাল দেওয়া হয়। সেই বরাদ্দকৃত চাল ফুলছড়ি খাদ্য গুদাম থেকে বালাসীঘাটে নিয়ে আসা হয়। চালগুলো চরের এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার জন্য চারটি নৌকায় তোলা হয় হয়। নৌকা ছাড়ার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা চারটি। এসময় দুটি নৌকা ৪৬৭ বস্তা চালসহ ডুবে যায়।
এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফতাব রহমান বলেন, ঈদের আগে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের নিম্নআয়ের মানুষদের ভিজিএফ চাল সহায়তা দেওয়ার জন্য ৯৩৬ বস্তা চাল নিয়ে নৌকা ছাড়ার সময় হঠাৎ নদীতে ঝড়ের কবলে পড়ে। এ সময় দুটি নৌকা ৪৬৭ বস্তাসহ ডুবে যায়। চালগুলো স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা উদ্ধার কাজ শেষ হলে বোঝা যাবে।
ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালগুলো বুধবার গুদাম থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের সচিবকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। বরাদ্দকৃত চালগুলো নৌকা করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।


