২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে প্রস্তুতি জোরদার হয়েছে। উৎসবটি চলবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আয়োজকেরা শনিবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৭৭ সালে প্রবর্তিত এবং ১৯৯২ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত এই উৎসবের লক্ষ্য—বাংলাদেশে সুস্থ চলচ্চিত্রচর্চা এগিয়ে নেওয়া এবং বিশ্ব সিনেমার গুরুত্বপূর্ণ ধারা তুলে ধরা। আয়োজকেরা জানান, বরাবরের ন্যায় এবারও উৎসবের মূল প্রতিপাদ্য নানন্দিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।
এবারের আসরে ৯১টি দেশ থেকে ২৬৭টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এগুলো প্রদর্শিত হবে ৯টি বিভাগে—এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়ার্ল্ড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম এবং ওপেন টি বায়োস্কোপ।
চলচ্চিত্র প্রদর্শনী হবে অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরে। পাশাপাশি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিশেষ প্রদর্শনী আয়োজন করা হবে।
উৎসব চলাকালীন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজন থাকছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘টুলেয়লফথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা, অভিনেত্রী ও গবেষকেরা এতে অংশ নেবেন। তারা নারীবিষয়ক বৈশ্বিক বাস্তবতা ও চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া ১১ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইটস স্ক্রিনপ্লে ল্যাব’। আগে এটি শুধু দক্ষিণ এশিয়ার নির্মাতাদের জন্য থাকলেও এবার পুরো এশিয়ার উদীয়মান নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নির্বাচিত ১০ জন নির্মাতা চারদিন আন্তর্জাতিক পরামর্শকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। পরে তাদের প্রকল্পগুলো ফিল্মহাটের মাধ্যমে প্রযোজক, পরিবেশক এবং বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে।
উৎসবজুড়ে আরও থাকছে চিত্রপ্রদর্শনী, পেইন্টিং এক্সিবিশন এবং মাস্টারক্লাস। এবার মাস্টারক্লাসে অংশ নেবেন ভারত, জাপান ও বাংলাদেশের উল্লেখযোগ্য চলচ্চিত্রকারেরা। ১৭ জানুয়ারি মাস্টারক্লাসের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আয়োজকেরা জানান, উৎসবের প্রস্তুতি এগিয়ে চললেও স্পন্সর ও অর্থায়ন সংক্রান্ত কিছু প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। তারা আশা করছেন, দ্রুত এসব সম্পন্ন হলে আয়োজন আরও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে তারা দর্শক, চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তি এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন।
উৎসব পরিচালক আহমদ মোস্তফা জামান জানান, সব প্রদর্শনী ও ইভেন্টে দর্শকদের আমন্ত্রণ জানাতে তারা প্রস্তুত। খুব শিগগিরই বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।


