চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে(এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগ না দেওয়া এবং লালদিয়া–পানগাঁও টার্মিনালসংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৬ নভেম্বর বন্দর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শনিবার সকালেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের(স্কপ) চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। পরে তিনি অবরোধের ঘোষণা পাঠ করেন।
তিনি বলেন, বন্দর এলাকায় নিষেধাজ্ঞা আরোপ করে কর্মসূচি বন্ধ করা যাবে না। বরং আরও কঠোর আন্দোলনের মাধ্যমে বন্দর ইজারা দেওয়ার ‘ষড়যন্ত’ রুখে দেওয়া হবে।
কনভেনশনে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দর বিরাষ্ট্রীয়করণ, সরকারি কলকারখানা বন্ধ, পাটকল ইজারা এবং শ্রমিক অধিকারের নানা প্রশ্নে একটি জাতীয় ইশতেহার প্রয়োজন।
এসময় জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে ব্যবসায়ীদেরও একযোগে এগিয়ে আসার আহ্বান জানান সৈয়দ সুলতান আহমেদ।
স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খানের সঞ্চালনায় কনভেনশনে অরো বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তপন দত্ত এবং স্কপ নেতা আব্দুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, আহসান হাবিব বুলবুল ও ফয়েজ হোসেন।


