বাংলাদেশ ও ভুটান দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর মধ্যে একটি স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও সংযোগ সেবা বাণিজ্য নিয়ে। শনিবার দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর এ এমওইউ সই করা হয়
স্বাস্থ্যকর্মী নিয়োগসংক্রান্ত প্রথম সমঝোতা স্মারকটি সই করে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবার বাণিজ্য বিষয়ে। বাংলাদেশের পক্ষে এতে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
সমঝোতা স্মারক সই ও ডকুমেন্ট বিনিময় অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং পরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে এসে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তোবগে। প্রধান উপদেষ্টা ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠকে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন ভুটানের প্রধানমন্ত্রী এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী তোবগেকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দর থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং স্মৃতিসৌধে প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।


