জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথমবারের মতো জামিনের আদেশ হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার এক আসামির জামিনের আবেদন মঞ্জুর করে। জামিনপ্রাপ্ত ওই আসামির নাম হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লক্ষ্মীপুর সদর উপজেলার সভাপতি, সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
হুমায়ুন কবির পাটোয়ারী লিভার সিরোসিসে আক্রান্ত উল্লেখ করে জামিনের আবেদন করা হয়। আবেদনের শুনানিতে আসামিপক্ষ থেকে জানানো হয়, এই রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে আসামির দুই ভাই মারা গেছেন।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থতার বিষয়ে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এ ধরনের জামিন আবেদনে বিরোধিতা করা খুব কঠিন। তবে মানবতাবিরোধী অপরাধের কোনো আসামির সঙ্গে যেন এই আসামি যোগাযোগ না করতে পারেন।
পরে শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করা হয়। শর্তের মধ্যে রয়েছে আসামিকে বাসার ঠিকানা দিতে হবে, আসামি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবেন না, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করা ছাড়া বাসা পরিবর্তন করতে পারবেন না, সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করতে পারবেন না। এসব শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর ২০২৪ সালের আগস্টে হুমায়ুন কবির পাটোয়ারী গ্রেপ্তার হন।


