জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রীক নানা ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত ১০৬টিতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় রয়েছে ৭৫টি মামলা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
অভিযোগপত্র দেওয়া ৩১ টি হত্যা মামলা করা হয়েছিল পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে।
বাকি ৭৫টি মামলা হয়েছিল পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অধীনে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় হওয়া এসব মামলার যেন যথাযথ তদন্ত হয় তা নিশ্চিতে তদারকিতে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসব মামলার তদন্ত কাজ শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


