প্রায় দুবছর সেন্সর বোর্ডে আটকা ছিল ‘অন্যদিন…’। ২০২৩ এর মে-তে সেন্সরে জমার পর গত মার্চে ছাড়পত্র পায়। পরিচালক কামার আহমাদ সাইমন জানালেন, সিনেমাটি জুলাইয়ে মুক্তির পরিকল্পনা। একই সঙ্গে সিনেমাটি জুলাই আন্দোলনকে উৎসর্গ করার কথাও জানান।
সাইমন বলেন, ‘একটা ছবিকে গায়েব করা মানে, একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ২৪’র জুলাইয়ের আগে ‘অন্যদিন…’ দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম এরপর আর কোন ছবিই বানাব না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। কাক ও কবিরা কিন্তু ভূমিকম্প আগে টের পায়, যেকোন শিল্প মাধ্যমের ক্ষেত্রেই কথাটা খাটে, যদি না শিল্পীরা তাদের আত্মসত্তা বিক্রি করেন না দেন।’
তিনি আরও বলেন, ‘বিগত রেজিমের জন্য ছবিটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল অন্যদিন…অথচ এখন আবার জুলাই আসলো বলেই অন্যদিন…দেখানো যাচ্ছে। সেইজন্য আমরা ঠিক করেছি জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দিব অন্যদিন…।’
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের ‘সিনেফঁদাসিওঁ’ বিভাগে নির্বাচিত হয় ‘অন্যদিন…’। এর জন্য ২০১৬ সালে কামার পেয়েছিলেন লোকার্নোর ফিচারড ডিরেক্টর সম্মাননা এবং ফ্রান্সের আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। ২০১৪ সালে ছবিটি সানড্যান্স থেকে অর্জন করে গুরুত্বপূর্ণ গ্রান্ট।
২০২১ সালে ইডফা-তে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে, যেখানে একে বলা হয় ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’। পরবর্তীতে ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যামডেনে ‘হ্যারেল অ্যাওয়ার্ড’, নিউইয়র্কের মমি, জুরিখ, নন্তে, এবং সিডনিসহ বহু উৎসবে প্রদর্শিত হয়।
‘অন্যদিন… ‘পরিচালকের জলত্রয়ীর দ্বিতীয় ছবি; এর আগে কামার আলোচিত হন ‘শুনতে কি পাও!’ দিয়ে, যা জিতেছিল প্যারিসের জর্জ পম্পিদ্যু সেন্টারে গ্রাঁ প্রি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


