চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের হামলায় তানিয়া আক্তার নামে এক তরুণী আহত হয়েছেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
সোমবার বেলা প্রায় ১টা ৪৫ মিনিটে ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের পিলারের নিচে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহতকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চেক-আপের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে হাতে রঙের কৌটা, ব্রাশ ও স্প্রে নিয়ে একদল তরুণ-তরুণী সেখানে গ্রাফিতি আঁকার জন্য জড়ো হন। তারা নিজেদের ‘সাধারণ শিক্ষার্থী’ ও ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেন। পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি হয়, পরে পুলিশের হামলায় তানিয়া আক্তার আহত হন।
এই ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘তারা কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন। এই ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।’
ধস্তাধস্তির সময় পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যরা বাধা দেন। কয়েকজনকে সড়কের ওপর বসে প্রতিবাদ করতেও দেখা যায়। পরে আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনজনকে আটক করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘পুলিশ খুবই গর্হিত কাজ করেছে। মেয়র শাহাদাতের পক্ষ নিয়ে জুলাইযোদ্ধা অন্তঃসত্ত্বার ওপর হামলা চালিয়েছে, এর বিচার চাইব।’
এর আগে, রোববার সন্ধ্যায় একই এলাকায় ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করেন এনসিপির চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্দেশে মুছে ফেলা হচ্ছে।
এ নিয়ে মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা। পরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোমবার সকালে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।


