সদ্যগঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি ও চালক প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল হুসেইন খাঁনের সই করা এক চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা মতে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য এই সব যানবাহন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হলো।
বরাদ্দকৃত যানবাহনের মধ্যে ৩০টি ‘ক্যামরি’ ও ২০টি ‘ল্যান্সার’ মডেলের গাড়ি রয়েছে।
প্রতিটি গাড়ির সঙ্গে একজন করে চালকও নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের নাম ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট দপ্তরে তালিকাভুক্ত করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, সব গাড়ির চালককে মঙ্গলবার সকালের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখার’ উপ-সচিবের কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট সব দপ্তরেও এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।


