গণভোট-২০২৬ এর বৈধতা চ্যালেঞ্জ করে ও ঘোষিত ফলাফল বাতিল করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ এ রিট করেন। আবেদনের কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, জনস্বার্থকে।
গত বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশপাশি এ গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার তার ফলাফল ঘোষণা করা হয়। সেখানে বিপুল ব্যবধানে জয়ী হয় ‘হ্যাঁ’ ভোট।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি অন্যদিকে, সংবিধান সংস্কারের বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি।


