চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্ন কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই বিজয়কে সুসংহত করতে হবে।’
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
লেখক অধ্যাপক মাহবুব উল্লাহর গ্রন্থসমূহ হলো ‘পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন’, ‘বঙ্গভঙ্গ’, ‘আমার জীবন ও আমার সংগ্রাম’ এবং উম্মে সালমা আলোর লেখা ‘জয়নপারের আলো’।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের আশা–স্বপ্নকে নষ্ট না করে এবং যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের আত্মাহুতি যেন বৃথা না যায়। আমরা যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি।’
মাহবুব উল্লাহর বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা, বৈষম্যবিরোধী অর্থনীতির ভিত্তি গড়ে তোলা, সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং এক গণতান্ত্রিক, আধিপত্যবাদবিরোধী জাতি হিসেবে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মাহবুব উল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখে গেছেন তা অস্বীকার করার উপায় নেই।
মঙ্গলবার মাহবুব উল্লাহর ৮১তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি প্রত্যাশা করি তার এই জন্মদিন আরও বহুদিন ধরে আসুক।’
‘প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশের’ মন্তব্য করে মাহবুব উল্লাহ বলেন, এ দেশের মানুষ সুদিন দেখার আশায়, ভালো সময়ের প্রত্যাশায় যুগের পর যুগ ত্যাগ-সংগ্রাম করে আসছে। ব্রিটিশ শাসনামল থেকে, তারও আগে থেকে, অনেকে অত্যাচার-নির্যাতনের মুখে লড়াই করে গেছে-শুধু এই বিশ্বাসে যে একদিন ভালো সময় আসবে।
অনুষ্ঠানে আগত সহকর্মী, শিক্ষাবিদ, রাজনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অর্থনীতিবিদ, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহবুব উল্লাহ।
কবি আবদুল হাই শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, শিক্ষাবিদ অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক হায়াত হোসেন, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক নিলুফার সুলতানা, অধ্যাপক নুরুল আমিন বেপারী, ব্র্যাক চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নজমুল হক নান্নু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ, অধ্যাপক মাহবুব উল্লাহর বড় মেয়ে নায়লা তাহসিনা মাহবুব প্রমুখ।


