গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করলেও দেশের বড় একটা অংশের ভেতরে এখনো দলটির সমর্থন রয়েছে বলে মনে করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, পরিস্থিতির কারণে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তারা চাইলে এখন বিভিন্ন দলে সুযোগ দেওয়া হবে।
সোমবার দুপুরে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবরে তার ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। কিন্তু দেশব্যাপী এর একটা সমর্থন আছে। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করেনি, পরিস্থিতির কারণে দল করেছেন তাদের মধ্যে যারা রাজনীতি করতে চায় তাদের আমরা সব দলে জায়গা করে দেব।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হাজার কোটি টাকা নিয়ে বিদেশে আরাম-আয়েশে পলাতক থেকে যারা আপনাদের এখানে ককটেল মারার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। ১৯৭৫ সালেও পরে আওয়ামী লীগ যেমন ২১ বছর শেষে ক্ষমতার মুখ দেখেছিল। এই ২৪ এর গণঅভ্যুত্থানের পরে ২১ নয়, ৪১ বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না।’
ফ্যাসিবাদী শক্তি নাশকতা, ককটেল নিক্ষেপ, অগ্নি সন্ত্রাস করলে গুলি চালাতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধও জানান গণঅধিকার পরিষদের এই নেতা।


