ঢাকার কদমতলীর জুরাইনের একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের পঁচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে কদমতলী জুরাইন কমিশনার মোড়ের ৯৮৪/১ নম্বর বাড়ির চার তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কদমতলীর ওই বাড়িটির মালিক দানেশ হাওলাদার জানান, তিনি নিজে দুই তলায় থাকেন। ৯ মাস আগে চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন শারমিন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন। দুইদিন ধরে তাদের ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ আসছিল। ফ্ল্যাটটি দরজায় বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এরপর ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পরে কদমতলী থানা পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই নারীর লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ওই দম্পতি মাঝে মাঝে এসে ওই বাসায় থাকত। তবে গত কয়েকদিন ধরে তাদের কাউকে দেখা যায়নি। মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী বা কোন আত্মীয় স্বজনও আসেনি।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম জানান, রোববার দুপুরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাসার দরজা ভেঙে ওই নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। তার পেটে ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরও জানান, নারীটি আনসার সদস্য হিসেবে চাকরি করতেন। স্বামী স্ত্রী মিলে ওই বাসায় থাকত। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ওই নারীকে হত্যা করে দরজা বাইরে থেকে তালা মেরে সে পালিয়ে গেছে। তার স্বামীকে ধরতে কাজ করছে পুলিশ।


