নড়াইলের বড়কুলায় তিনজনকে হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর মামলা তুলে নিতে আবারও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের আহত সদস্য পারভিন বেগম জানান, সকাল ৭টার দিকে অভিযুক্ত খায়ের চেয়ারম্যানের স্ত্রী, বোন শেফালী (মেম্বার), বাবুল, বেগমসহ আরও কয়েকজন মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এরপর কথাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন।
অস্বীকার করে শেফালী বলেন, ‘আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানিই না।’
গত ২৩ ফেব্রুয়ারি ভোরে খায়ের চেয়ারম্যানের সমর্থকরা খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই মারা যান।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক অজয় কুমার বলেন, ‘আমরা ঘটনাটি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


