জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের জেরে শূন্যরেখায় আটকে পড়া বৃদ্ধের পরিচয় মিলেছে।
তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) এবং তিনি বাংলাদেশি নাগরিক। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে।
গত বুধবার তিনি নাগরিকত্ব অনিশ্চয়তায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখায় আটকে পড়েন।
প্রায় ২৪ ঘন্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকার পর বৃহস্পতিবার সকাল ৭টায় ষষ্টি চন্দ্রকে উদ্ধার করে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
বৃদ্ধের পরিবারের সদস্যরা থানায় এসে তাদের সম্পর্ক নিশ্চিত করলেই কেবল তাদের কাছে ষষ্টি চন্দ্রকে হস্তান্তর করা হবে বলে জানায় ধানুয়া কামালপুর বিজিবি। বর্তমানে থানায়ই অবস্থান করছেন ওই বৃদ্ধ।
এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় বৃদ্ধের অবস্থানের ভিডিও বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তার পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।


