পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিই পরবর্তী সরকার গঠন করবে, এই ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম কেন্দ্র থেকে পুনর্নির্বাচনে লড়াই করা শুভেন্দু অধিকারী একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি দাবি করেন, এবার মুসলিম ভোটাররা আগের মতো এককভাবে তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) সমর্থন দেয়নি।
ভবানীপুরের উদাহরণ টেনে তিনি বলেন, ‘প্রথম দিকে লড়াই হবে হাড্ডাহাড্ডি। প্রথম দফার গণনায় ১৪টি বুথের মধ্যে ৬টি মুসলিম অধ্যুষিত। আগে এসব বুথে তারা ৯০-৯৫ শতাংশ ভোট পেত। কিন্তু এবার তা হয়নি, এখানে ভাঙন দেখা গেছে। অন্যদিকে, আমি আটটি হিন্দু অধ্যুষিত বুথে এগিয়ে আছি। নবম-দশম রাউন্ড থেকে ভবানীপুরে আমি এগিয়ে যাব।’
শুভেন্দু আরও বলেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনঅসন্তোষ এবং হিন্দু ভোটারদের একত্রীকরণ বিজেপির পক্ষে কাজ করছে। পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলাগুলোতেও মুসলিম ভোট বিভক্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে ভোট গণনার প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ১৭২টি আসনে এগিয়ে রয়েছে, আর টিএমসি এগিয়ে ১১২টিতে, এমন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশ সময় সকাল ১১টা পর্যন্ত গণনার ভিত্তিতে এই প্রবণতা দেখা গেছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের ভোটগ্রহণ দুই দফায় ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়।


