জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ধসে পড়ে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার নিহতদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে।
শনিবার বিকালে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত ভাসমান সেতুটি হঠাৎ ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন হওয়ায় সেতুটিতে ঘুরতে আসা মানুষের ভিড় ছিল বেশি। অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা অভিযান চালিয়ে শনিবার রাত ১১টার দিকে একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। জেলা প্রশাসক মো. ইউসুফ আলী জানিয়েছেন, প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিহত প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


