শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সীমান্তে চোরাচালান রোধ এবং বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। এ ছাড়া, দেশের প্রবেশপথ হিসেবে বিমানবন্দরে প্রবাসীরা যাতে কোনো ধরনের অযথা হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রশাসনের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন পরিবেশ ও জনপদের জন্য হুমকি। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে কোনো প্রকার আপস করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


