ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘তছনছ’। বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক।
ঈদকে সামনে রেখে নির্মিত সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মুন্না খান। তার ভাষ্য, ‘তছনছ’ তার অভিনয় জীবনের দ্বিতীয় চলচ্চিত্র। শুরু থেকেই দর্শকদের জন্য একটি পরিপূর্ণ বাণিজ্যিক সিনেমা নির্মাণের চেষ্টা করেছেন তারা। তিনি মনে করেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসে দর্শক সিনেমাটি উপভোগ করবেন।
নির্মাতা বদিউল আলম খোকন জানান, ঈদের দর্শকদের রুচি ও চাহিদার বিষয়টি মাথায় রেখেই নির্মিত হয়েছে ‘তছনছ’। সিনেমাটিতে থাকছে টানটান উত্তেজনার অ্যাকশন, পারিবারিক আবেগ এবং একটি সামাজিক বার্তার মিশেল। তার মতে, ঈদে দর্শকরা সাধারণত বড় পরিসরের বিনোদনধর্মী অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন, আর সেই ভাবনা থেকেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, তানভীর তনু, শিবা সানু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠু ও প্রিয়া অনন্যা।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার ও একটি রোমান্টিক গান, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।


