আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা, আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। সহযোগী সদস্য পদে ফর্ম পূরণ করে শনিবার জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এর আগে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবি পার্টি থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন এ এফ এম সোলায়মান চৌধুরী।
ওই ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এবি পার্টি একটি ঢাকাকেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশের কোথাও দলের জনসম্পৃক্ততা নেই বরং দিন দিন এবি পার্টির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ পদত্যাগ করে ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এবি পার্টি মানুষের সেবা করবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, সমস্যার সমাধান করবে-সেখান থেকে এবি পার্টি অনেক দূরে সরে গেছে। এবি পার্টিতে নামকাওয়াস্তে তাকে দলের উপদেষ্টা রাখা হয়েছে।’
১৯৬৪ সালে ইসলামী ছাত্রসংঘে যোগদান করেন এ এফ এম সোলায়মান চৌধুরী। ১৯৭৫ সালের অক্টোবর মাসে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ১৯৭৬ সালের জানুয়ারিতে জামায়াতের রোকন হন। ওই বছরই কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিযুক্ত হন।
বিসিএস পরীক্ষা দিয়ে ১৯৭৯ সালের মার্চ মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন এ এফ এম সোলায়মান চৌধুরী। ফেনীতে জেলা প্রশাসক থাকা অবস্থায় জয়নাল হাজারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক আলোচিত হন। পরে সংস্থাপন সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হন।
২০০৭ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে পুনরায় জামায়াতে ইসলামীতে যোগদান করেন তিনি। সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং দলের পেশাজীবীদের সংগঠন জাতীয় পেশাজীবী ফোরামের সভাপতির দায়িত্বে ছিলেন।
২০১৯ সালে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে এবি পার্টিতে যোগ দেন। সর্বশেষ শনিবার সহযোগী ফরম পূরণের মাধ্যমে তিনি এবি পার্টি ছেড়ে আবারও জামায়াতে ইসলামীতে ফিরলেন।


