জাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত

জাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে জিম্মি করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে এক সাবেক শিক্ষার্থীর সব একাডেমিক সনদ সাময়িকভাবে অকার্যকর ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত এসএম তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত তার স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ সব সনদের কার্যকারিতা আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হল থেকে লোক প্রশাসন বিভাগের এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে পাশের ইসলামনগর এলাকার একটি বাসায় নেওয়া হয়। সেখানে তাকে হাত-পা ও মুখ বেঁধে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ কর হয় বলে অভিযোগ। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনাটি লিখে জানান।

আরও পড়ুন

এর পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক বৈঠকে অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

তদন্তের জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা এবং সদস্যসচিব হিসেবে ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, অভিযোগকারী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায়  অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহায়তা দেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad