কলকাতায় হেনেস্থার ঘটনা: মোশাররফের দাবি তেমন কিছু ঘটেনি

কলকাতায় হেনেস্থার ঘটনা: মোশাররফের দাবি তেমন কিছু ঘটেনি
মোশাররফ করিম
Advertisement
Advertisement

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে বিষয়টিকে অতিরঞ্জিত না করার আহ্বান জানিয়ে অভিনেতা বলেছেন, সংবাদ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি সামনে আসে। ওই পোস্টে দাবি করা হয়, সোমবার রাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় মোশাররফ করিমের উদ্দেশে কয়েকজন ব্যক্তি কটূক্তি করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি অভিনেতার প্রতি আক্রমণাত্মক আচরণ করেছিলেন।

তবে মোশাররফ করিম এসব দাবিকে গুরুত্ব দিতে নারাজ। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়েছে, বাস্তবে ব্যাপারটি তেমন নয়। এটা নিয়ে সংবাদ লেখার মতো কোনো ঘটনাই ঘটেনি।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, “ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটা নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।”

মোশাররফ করিম জানান, তিনি বর্তমানে কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত ভ্রমণে কলকাতায় অবস্থান করছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং ঘোরাঘুরি করতেই সেখানে গিয়েছেন। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad