ব্যস্ত নন, প্রাসঙ্গিক থাকতে চান প্রিয়াম অর্চি

ব্যস্ত নন, প্রাসঙ্গিক থাকতে চান প্রিয়াম অর্চি
অভিনেত্রী প্রিয়াম অর্চি
Advertisement
Advertisement

অভিনেত্রী প্রিয়াম অর্চি বর্তমানে আছেন যুক্তরাজ্যে। সেখান থেকে সাম্প্রতিক কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের বাইরে থাকার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

২০১০ এর ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এর শীর্ষ দশে ছিলেন প্রিয়াম। দেশে থাকতে কাজ করেছেন বহু নাটকে। অভিনয় করেছেন ‘পায়ের তলায় মাটি নেই’, ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘বলী’-র মতো দর্শক ও সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্রে। তবে ক্যারিয়ারের শুরু থেকে তিনি যে মাধ্যমেই কাজ করেন না কেনো কাজের সংখ্যার চেয়ে মানে বেশি মনযোগ দিয়েছেন।

সামাজিক বাস্তবতা, ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা সমকালীন জীবনের পরিবর্তিত প্রেক্ষাপট— তার অভিনীত কাজগুলোতে বিভিন্ন সময়ে উঠে এসেছে। তার অধিকাংশ কাজই দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, পেয়েছে পুরস্কারও।

প্রিয়াম জানান, তিনি ব্যস্ত নন প্রাসঙ্গিক থাকতে চান। ‘প্রতিটি কাজ আমার জন্য একটি দীর্ঘ যাত্রার অংশ, যেখানে আমি সময় নিয়ে চরিত্র ও গল্পের সঙ্গে সংযোগ তৈরি করি।’

স্বাধীন ও বিকল্পধারার সিনেমার বাজার পুরো বিশ্ব জুড়ে। বিভিন্ন দেশে এ ধরনের ছবির বাজার তৈরি হয় পরিকল্পিতভাবে, কিন্তু আমাদের দেশে এই ধরণের ছবির বাজার অনেক দুর্বল। তাই তিনি মনে করেন, এই ঘরানার দর্শকদের জন্য একটি নির্দিষ্ট ‘হাব’ বা প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি; যেখানে দর্শক সহজেই তথ্য পাবে এবং সিনেমার সঙ্গে যুক্ত হতে পারবে। না হলে এই ধরনের চলচ্চিত্রের প্রতি তরুণ নির্মাতাদের আগ্রহ কমে যাবে।

আরও পড়ুন

আগ্রহের জায়গা থেকে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় নির্মাতা কিউয়ের পরিচালনায় ‘দেশলাই’-এ অভিনয় করেছেন। সিনেমাটি গত বছর সিয়াটলে অনুষ্ঠিত তাসভীর চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ছবিটির বাংলাদেশের ডিজিটাল স্বত্ব চরকির কাছে রয়েছে। শিগগিরই ভারতের কলকাতায় এবং যুক্তরাষ্ট্রে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এছাড়া লন্ডনের দুটি চলচ্চিত্র উৎসবে প্রিয়াম অভিনীত দুটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এগুলো হচ্ছে ‘নির্বান’ ও ‘দ্য আনএক্সপ্রেক্টেড’।

মস্কো এবং ইউরোএশিয়া চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পেয়েছিল ‘নির্বান’। ছবিটি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সেন্ট্রাল লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ব্লক সিনেমা হলে এটি অনুষ্ঠিত হয়।

‘দ্য আনএক্সপেক্টেড’ লন্ডনে নির্মিত হয়েছে। এটি গত বছর শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। আগামী ৩ মে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে।

সবসময় নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করেন প্রিয়াম। সে চিন্তা থেকে একটি এক্সপেরিমেন্টাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন। গত বছর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশন চলছে।

যুক্তরাজ্যে বসবাস নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের শিল্প ও সংস্কৃতির চর্চা যেকোনো মানুষকেই গভীরভাবে অনুপ্রাণিত করে; পাশাপাশি তুলনামূলক সমান সুযোগের একটি পরিবেশ শিল্পচর্চা ও মুক্ত চিন্তার জন্য অনুকূল।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad