জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে অরুপ রতন কনিস্ক নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম (২০২০-২১ সেশন) ব্যাচের শিক্ষার্থী। কনিস্কের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
বুধবার দুপুরে শের-ই বাংলা একে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঘটনাটি সম্পর্কে জানতে পারি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে অবহিত করি। এরপর হলে এসে তার কক্ষ তালাবদ্ধ অবস্থায় এবং ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই।
ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের সহায়তায় মরদেহটি নিচে নামানো হয়, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা তার আত্মীয়স্বজন ও অভিভাবকদের খবর দিয়েছি, তারা পথে আছেন। প্রাথমিকভাবে মেডিকেল কর্মকর্তা ও পুলিশের প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


