আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আর এই নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসে ঘোষণা করা হতে পারে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে ইসি ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানান, শিক্ষার্থীদের পড়াশোনা বা পরীক্ষার ক্ষতি এড়াতে পাবলিক পরীক্ষার পর নির্বাচন আয়োজনের কথা ভাবছে কমিশন। তিনি আরও বলেন, ‘যেহেতু নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আমরা আশা করছি জানুয়ারিতে ভোটগ্রহণ শুরু করতে পারব।’
এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন এর আগে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া বন্যার কারণেও পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বিলম্বিত হয়েছে।
তিনি বলেন, ‘তাই রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সবদিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি।’
অপর এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপে পড়ে কমিশন নির্বাচনের তারিখ পেছায়নি। বরং বাস্তবতা, আইন এবং সংবিধানের ওপর ভিত্তি করেই কমিশন তারিখ ঘোষণা করে থাকে।
তিনি আরও বলেন, ‘ইসি আইন ও সংবিধানের মধ্যে থেকে কঠোরভাবে কাজ করতে চায়। কমিশন কখনোই কারও চাপে কাজ করেনি। একমাত্র বিবেচনা ছিল যেন কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয়।’


