জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (জাকসু) স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
এ ছাড়া, এজিএস (পুরুষ) শিবির প্যানেলের ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) আয়েশা সিদ্দীকা মেঘলা নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে আরও নির্বাচিত যারা
২ হাজার ৪২৮ ভোট পেয়ে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু ওবায়দা ওসামা। ২ হাজার ১১১ ভোট পেয়ে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাফায়েত মীর। ১ হাজার ৯০৭ ভোট পেয়ে পদে নির্বাচিত হয়েছেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম। ১ হাজার ৯৮৬ ভোট পেয়ে সহসাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রায়হান উদ্দীন। ১ হাজার ৯২৯ ভোট পেয়ে নাট্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রুহুল ইসলাম। ১ হাজার ৯৭৬ ভোট পেয়ে সহক্রীড়া সম্পাদক (নারী) পদে নির্বাচিত হয়েছেন ফারহানা আক্তার লুবনা। ২ হাজার ১০৫ ভোট পেয়ে সহক্রীড়া সম্পাদক পদে (পুরুষ) নির্বাচিত হয়েছেন মো. মাহাদী হাসান। ২ হাজার ৪৩৬ ভোট পেয়ে তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম লিখন। সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা। ২ হাজার ৪৪২ ভোট পেয়ে সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন মো. তৌহিদ হাসান। ২ হাজার ৬৫৩ ভোট পেয়ে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হুসনী মোবারক। ২ হাজার ৫৫৯ ভোট পেয়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. তানভীর রহমান।
কার্যকরী সদস্য (পুরুষ): ২ হাজার ৪১৪ ভোট পেয়ে মো. তরিকুল ইসলাম, ১ হাজার ৮৫৪ ভোট পেয়ে মো. আবু তালহা এবং ১ হাজার ৭৪৬ মো. মহসিন কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য (নারী): ২ হাজার ৭৫০ ভোট পেয়ে নাবিলা বিনতে হারুণ, ২ হাজার ৪৭৫ ভোট পেয়ে ফাবলিহা জাহান নাজিয়া এবং ৩ হাজার ১৪ ভোট পেয়ে নুসরাত জাহান ইমা কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্র প্যানেল থেকে আরও যারা নির্বাচিত
২ হাজার ১৮ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান ও ৫ হাজার ৭৭৮ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেল ১ হাজার ৬৯০ ভোট পেয়ে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসাব লাবিব।
এর আগে, ফলাফল ঘোষণার শুরুতে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটানিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে হল সংসদের ফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
ঘণ্টার পর ঘণ্টা ভোট গণনার মধ্য দিয়ে এই ফলাফল প্রকাশের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও নতুন নেতৃত্বের সূচনা হলো।
৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের জাকসু নির্বাচনে ভোটার ছিলেন মোট ১১ হাজার ৭৪৭ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে নয়জন, জিএস পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।
কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ভোটাররা মোট ৪০টি ব্যালটে ভোট দেন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিলেন প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য।
এ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন এবং পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল।


