আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার বিকালে নির্বাচন কমিশনের সদস্য আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও, ইসির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল।
ইসি সচিব টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে, এর আগে ইইউ একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল পাঠাবে।’
তারা জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের আগে একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলেও মন্তব্য করা হয়।
এদিকে গত ২৯ সেপ্টেম্বর ইইউর সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছিল। সেই বৈঠকের তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর ধাপে ধাপে প্রায় ১৫০ সদস্যের একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
পর্যবেক্ষণ মিশন বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। ভোটের তফসিল ঘোষণা থেকে ফলাফল গেজেট প্রকাশ পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়া মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করবে ইইউ দল।


