রাজধানীর আরমানিটোলায় একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়েদ রহমান জবি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদেরও সভাপতি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি তখন টিউশনিতে যাচ্ছিলেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতের জেরে তার মৃত্যু হয়েছে। টিউশনি ও বাসা হিসেবে ব্যবহৃত পরিত্যক্ত ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান আবু সাইদ মো. রিপন রউফ বলেন, ‘তার মৃত্যুর খবর শুনেছি। এটি খুবই বেদনাদায়ক ঘটনা।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘জুবায়েদের হত্যার বিচার চাই। হত্যাকারীকে খুঁজে বের করে তার বিচার করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘তার মৃত্যুর খবর শুনেছি। এটি খুবই বেদনাদায়ক ঘটনা। পুলিশকে সব সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।’


