ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। বিভাগীয় ফলাফলের ওপর এই বৃত্তি দেওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন—ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী পপি খাতুন, একই বিভাগের ১৬তম ব্যাচের স্নাতকের শিক্ষার্থী মো. সাইফুর রহমান শিহাব ও ১৯তম ব্যাচের শিক্ষার্থী মল্লিকা রায়, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী মো. নুর নবী এবং সমাজবিজ্ঞান বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ফারহানা জেছমিন।
২০২৩ সাল থেকে ফোবানার উদ্যোগে প্রতিবার পাঁচ শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফোবানা বৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ফোবানা বৃত্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা এবং ফোবানা কার্যনির্বাহী কমিটির জনাব মুকবুল আলী।
এসময় উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও গবেষণাধর্মী শিক্ষার বিকাশে সকল শিক্ষককে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান উপাচার্য।
শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদদীন। এছাড়াও বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া।
অনুষ্ঠান শেষে ফোবানার পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।


