জনসমর্থন ছাড়া কিছু করতে গেলেই গণতন্ত্র ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন,’জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। বিভেদ সৃষ্টি হলে সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন করা ঠিক হবে না।’
সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ আয়েজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দাবি আদায়ের নামে বিভেদ সৃষ্টি করা যাবে না। কারণ, বিভেদ হলে তা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে। কারণ, জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।’
আমীর খসরু বলেন, ‘আগামীর বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য বিএনপি কাজ করবে। এজন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ জরুরি। যেখানে যেভাবে প্রয়োজন সরকারকে সেই বিনিয়োগ করতে হবে।’


