দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার হাসপাতালটি থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা হয়েছেন।’
হাসপাতাল থেকে বের হওয়ার সময় কথা হয় নুরুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর দেশের বাইরে কোনো হাসপাতালে চিকিৎসা নেব।’
নুরের স্বজনরা জানিয়েছেন, রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার বাসাতেই তাকে নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৯ আগস্ট রাতে ঢাকার বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণঅধিকার। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার ঢামেক হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব দাবি তুলে দরেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি ব্যর্থতার দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবিও জানিয়েছেন।
নুরকে বিদেশ পাঠানোর কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও সে বিষয়ে কোনো অগ্রগতি নেই বলেও এসময় অভিযোগ করা হয়।


