পিআরসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি

পিআরসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনে আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশনসহ (পিআর) পাঁচ দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।

চরমোনাই পীর রেজাউল করীম বলেন, ‘দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা, রাষ্ট্রের পরতে পরতে জমা হওয়া ৫৪ বছরের জঞ্জাল দূর করা এবং রাজনৈতিক সংস্কৃতির শুদ্ধতা আনার জন্য ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে জরুরি সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, নির্বাচনকে মুখ্য করে তোলা এবং প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব না দেয়া, আমাদের আশঙ্কা বাড়িয়েছে।’

দাবিগুলো-জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

দাবি আদায়ে কর্মসূচি হলো-১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা/উপজেলায় বিক্ষোভ মিছিল।

চরমোনাই পীর আরও বলেন, ‘জুলাই সনদে যে রাজনৈতিক সংস্কার, বিচার এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার দাবি ছিল, তা মেনে না চললে দেশ পুনরায় পুরোনো অশুভ বন্দোবস্তে ফিরে যাবে। বর্তমান সরকারের নীতি নির্ধারকরা এসব বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন ‘

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘সরকারের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় রাজপথে আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছি আমরা। জুলাই সনদের মূল দাবি, স্বৈরতন্ত্রের বিলোপ—এটি যেন বাস্তবায়ন হয়।’

নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের আগে সুন্দর প্রতিশ্রুতিগুলো নির্বাচনের পর বাস্তবায়িত হয়নি। তাই জুলাই সনদে যে মৌলিক সংস্কারের প্রয়োজন, তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ এবং তার দোসরদের বিচার কার্যক্রমকে জেলা পর্যায়ে নিতে হবে এবং পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’

সরকারের পক্ষ থেকে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে চরমোনাই পীর বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি পূর্ণরূপে পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘বিগত ৫৪ বছর ধরে যে নির্বাচনী ব্যবস্থা চলে আসছে, তা দেশের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এজন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই, সুষ্ঠু নির্বাচন চাই, ফ্যাসিবাদের বিচার চাই এবং জাতীয় পার্টিসহ সকল দোসরদের নিষিদ্ধ করতে চাই।’

তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad